সাভারে কারখানায় ‘মালিকানার দ্বন্দ্বে’ ৩ জন গুলিবিদ্ধ
সাভারের বিরুলিয়ায় সিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির একটি কারখানায় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ঢাকার সাভারে একটি সূতা তৈরির কারখানায় অংশীদারদের দ্বন্দ্বে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার সন্ধ্যায় সাভারের বিরুলিয়ায় সিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কম্পানির একটি কারখানায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। তবে আটকদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।
গুলিবিদ্ধ তিনজনের মধ্যে একজন কারখানার ফ্লোর ইনচাজ মোহাম্মদ রিপন, অপরজন কারখানার বর্তমান মালিক সারোয়ার হোসেনের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন। গুলিবিদ্ধ আরেকজনের পরিচয় জানা যায়নি।
রিপন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জাহাঙ্গীর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. দিদার হোসেন বলেন, কারখানাটির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছে। আগে চেয়ারম্যান ছিলেন আনিস ও বর্তমানে সারোয়ার হোসেন। তাদের কী নিয়ে বিরোধ সেসব বিষয়ে তদন্ত চলছে। এই দ্বন্দ্ব নিয়ে কারখানায় মারামারির ঘটনা ঘটেছে।
“তিনজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছে।”
বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য তাজুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত কর্নেল আনিস ওই কারখানার অংশীদার ছিলেন। নানা অনিয়মের কারণে তার মালিকানা বাতিল করা হয়। বুধবার তিনি ১০/১২ জন ‘অস্ত্রধারী’ লোক নিয়ে কারখানা দখল করতে আসেন; ২/৩ জন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
কারখানার সুপারভাইজার মো. মামুন বলেন, “কারখানায় এক সপ্তাহ ধরে ঝামেলা চলছে। আজ (বুধবার) কারখানায় আগের চেয়ারম্যান এসে গুলি করেছেন। আমার ফ্লোর ইনচার্জের পায়ে গুলি লেগেছে। এর বেশি কিছু জানি না।”
এসআই মো. দিদার হোসেন জানান, কারখানায় গুলির ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
