শরীয়তপুরে আধিপত্য নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, ‘হাতবোমায়’ যুবক নিহত
সংঘর্ষের সময় দু’পক্ষের সমর্থকরা একে অপরের বাড়ি-ঘরেও হামলা চালায়।
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ছোড়া ‘হাতবোমায়’ এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার বিকালে উপজেলার সেনেরচর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
নিহত ফিরোজ সরদার (৩৫) ওই গ্রামের খালেক সরদারের ছেলে।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য বাদশা সরদারের সঙ্গে বর্তমান ইউপি সদস্য দেলোয়ার সরদারের সমর্থকদের বিরোধ চলছিল।
এর জেরে শুক্রবার বিবদমান দুটি পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় উভয় পক্ষ অন্তত ৫০-৬০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বোমার আঘাতে বাদশার সমর্থক ফিরোজ সরদার গুরুতর আহত হন।
পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ফিরোজ সরদার মারা যান বলে জানান চিকিৎসক নাজিম উদ্দীন।
সংঘর্ষের সময় দু’পক্ষের সমর্থকরা একে অপরের বাড়ি-ঘরে হামলা চালায়। এতে অন্তত ১০/১২ জন আহত হন বলে দাবি করছে উভয় পক্ষ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে সংঘর্ষে লিপ্ত লোকদের ছত্রভঙ্গ করে দেয়।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
