খাগড়াছড়িতে লাশবাহী অ্যাম্বুলেন্স চাপায় ছাত্রীর মৃত্যু
দুর্ঘটনার পর অ্যাম্বলেন্স নিয়ে চালক পালিয়ে যায়।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় স্কুলের সামনের সড়ক পার হতে গিয়ে অ্যাম্বুলেন্স চাপায় দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।
সোমবার সকালে উপজেলার গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মানিকছড়ি থানার এসআই মো. আওলাদ হোসেন জানান।
নিহত সাত বছর বয়সী মাসাপ্রু মারমা মানিকছড়ির দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার মেয়ে।
স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ জানান, স্কুলে আসার সময় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পার হতে গিয়ে মাসাপ্রু লাশবাহী অ্যাম্বুলেন্সের নিচে পড়ে যায়। এ সময় অ্যাম্বলেন্স নিয়ে চালক পালিয়ে যায়।
পরে মাসাপ্রুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
মরদেহের সুরতহাল করে অভিভাবকের সম্মতিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এসআই আওলাদ জানান।
