সুনামগঞ্জে বিএনপির নেতা-কর্মীসহ ৮০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
পুলিশ জানায়, মামলার প্রধান আসামি জেলা বিএনপির সভাপতি।
সুনামগঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৪৫ নেতা-কর্মীর নামোল্লেখসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত রোববার রাতে সুনামগঞ্জ সদর থানার এসআই মতিউর বাদী হয়ে মামলাটি করেন বলে ওই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান।
মামলার প্রধান আসামি করা হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলকে।
তার নেতৃত্ব ও নির্দেশেই নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ পুলিশের।
এছাড়া জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাদের আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আছেন ৩৫ জন।
মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, গত রোববার সকালে বিএনপি নেতা-কর্মীরা নাশকতার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় নেতাকর্মীরা তিন দিক থেকে পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে সাত পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে আক্রমণকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ওসি আরো জানান, আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
