২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইছড়িতে ইউপিডিএফের অবরোধ প্রত্যাহার

বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া এ উপজেলায় রোববার ভোটগ্রহণের কথা ছিল।

বাঘাইছড়িতে ইউপিডিএফের অবরোধ প্রত্যাহার
রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফের অবরোধের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2024, 05:03 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে ডাকা অবরোধ প্রত্যাহার করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএ।

শনিবার সকালে নির্বাচন কমিশন থেকে ভোট স্থগিতের খবর পাওয়ার পর দুপুরে অবরোধ প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন ইউপিডিএফের সংগঠক বিপুল চাকমা।

সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত থাকবে বলে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা বিভাগ-২ এর উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে জানানো হয়েছে।

রোববার এ উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতিও শেষ করেছে কমিশন। 

এর আগে ২৯ মে এই উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করে ৯ জুন নতুন তারিখ দিয়েছিল কমিশন।

বাঘাইছড়িতে ভোট স্থগিতের দাবিতে সকাল থেকে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন অংশে অবস্থান নেয় পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফের নেতাকর্মী ও সমর্থকরা। 

বেলা ১২টার দিকে বাঘাইছড়ির সাত কিলোমিটার এলাকায় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা।

ইউপিডিএফ রাঙামাটি ইউনিট প্রধান সংগঠক সচল চাকমা বলেন, “বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনি এজেন্টদের হুমকি ও নির্বাচনে প্রভাব খাটানোর জন্য সশস্ত্র ‘সন্ত্রাসী বাহিনী’ বাঘাইহাটে অবস্থান নিয়েছে। এ ঘটনার প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অবরোধের ডাক দেওয়া হয়। 

তিনি দাবি করেছেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে তিনটি মাইক্রোবাসে করে ৫০ জনের একটি দল বাঘাইহাটে প্রবেশ করে। তারা এখন কেপিএমের পরিত্যক্ত অফিসে অবস্থান করছে।

এছাড়া কয়েকদিন আগে থেকে প্রতিপক্ষ দলের লোকজন চেয়ারম্যান পদপ্রার্থী অলিভ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমিতা চাকমার নির্বাচনি এজেন্টদের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন এই ইউপিডিএফ নেতার।

আরও পড়ুন:

রাঙামাটিতে ভোটের আগের দিন ‘অবরোধের’ ডাক ইউপিডিএফের

ইউপিডিএফের অবরোধে বাঘাইছড়িতে ভোট স্থগিত