ইউপিডিএফের অবরোধে বাঘাইছড়িতে ভোট স্থগিত
রোববার এ উপজেলায় ভোটগ্রহণের প্রস্তুতি নিয়েছিল নির্বাচন কমিশন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএ) ডাকা অবরোধের মধ্যে বাঘাইছড়ি উপজেলায় ভোট স্থগিত করছে নির্বাচন কমিশন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত থাকবে বলে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা বিভাগ-২ এর উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে জানানো হয়েছে।
রোববার এ উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতিও শেষ করেছে কমিশন।
এর আগে ২৯ মে এই উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করে ৯ জুন ভোটের নতুন তারিখ দিয়েছিল কমিশন।
অনিবার্য কারণে ভোট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শিরীন আক্তার।
ইউপিডিএয়ের অবরোধ চলছে
বাঘাইছড়িতে ভোটের আগের দিন ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করছে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ।
সকাল থেকে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন অংশে অবস্থান করছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা।
বেলা ১২টার দিকে বাঘাইছড়ির সাত কিলোমিটার এলাকায় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা।
ইউপিডিএফ রাঙামাটি ইউনিট প্রধান সংগঠক সচল চাকমা বলেন, “বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনি এজেন্টদের হুমকি ও নির্বাচনে প্রভাব খাটানোর জন্য সশস্ত্র ‘সন্ত্রাসী বাহিনী’ বাঘাইহাটে অবস্থান নিয়েছে। এ ঘটনার প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে অবরোধ পালন করা হচ্ছে।
তিনি দাবি করেছেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে তিনটি মাইক্রোবাসে করে ৫০ জনের একটি দল বাঘাইহাটে প্রবেশ করে। তারা এখন কেপিএমের পরিত্যক্ত অফিসে অবস্থান করছে।
এছাড়া কয়েকদিন আগে থেকে প্রতিপক্ষ দলের লোকজন চেয়ারম্যান পদপ্রার্থী অলিভ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমিতা চাকমার নির্বাচনি এজেন্টদের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন এই ইউপিডিএফ নেতার।
আরও পড়ুন:
