১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

নাম-তারিখ বদলে ট্রেনের এক টিকিট ১২ জনের কাছে বিক্রি করতেন কালু

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশন থেকে আটক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 06:35 PM

Updated : 12 Oct 2026, 06:35 PM

ব্রাহ্মণবাড়িয়ায় নাম ও তারিখ পরিবর্তন করে ট্রেনের এক টিকিট ১০ থেকে ১২ যাত্রীর কাছে বিক্রির অভিযোগে এক যুবকের গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছে ৪০টি টিকিটে ৮৩টি আসনের ভুয়া টিকিট জব্দ করা হয়।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাকে আটকের পর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহ আলম।

কারাগারে যাওয়া রিপন মিয়া ওরফে কালু (৩৫) জেলা শহরের উত্তর মৌড়াইলের হারুন মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান।

এসআই শাহ আলম বলেন, কালুর নেতৃত্বে কালোবাজারিদের একটি চক্র দীর্ঘদিন ধরে ভুয়া টিকিট বানিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। তারা একটি টিকিটকে কম্পিউটারের মাধ্যমে নাম ও তারিখ বদলের পর ফটোকপি করে ১০ থেকে ১২ জনের কাছে বিক্রি করতেন।

এতে যাত্রীরা ট্রেনে উঠে আসন নিয়ে ঝগড়ায় জড়াতেন। দুপুরে স্টেশন থেকে কালুকে আটক করা হয়। এ সময় তার কাছে ৪০টি টিকিটে ৮৩টি আসনের ভুয়া টিকিট পাওয়া যায়। এ ছাড়া তার হোয়াটসঅ্যাপে এমন আরও ভুয়া টিকিট রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম বলেন, একাধিক এনআইডির বিপরীতে আটক ব্যক্তি টিকিট মজুত করে রাখতেন। ভবিষ্যতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে রেলে ভ্রমণ করতে পারে, তা নিশ্চিত করা হবে।