কুমিল্লায় যুবক হত্যায় তিনজনের যাবজ্জীবন
২০১৫ সালে আম বিক্রির টাকা ভাগাভাগির বিরোধে শের আলীর ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে আসামিরা।
নয় বছর আগের হত্যা মামলায় কুমিল্লায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. ফরিদা ইয়াসমিন বুধবার এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান।
দণ্ডিতরা হলেন- বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের মো. সুজন মিয়া (৪০), মো. মামুন (১৮) এবং সদর দক্ষিণ মডেল থানাধীন মনিপুর দক্ষিণ পাড়ার মো. জাকির হোসেন (৩০)। তাদের মধ্য মামুন ও জাকির পলাতক।
মামলার নথি থেকে জানা যায়, সদর দক্ষিণ উপজেলার মনিপুর গ্রামের শেখ বাড়ির মৃত হাছন আলীর ছেলে শের আলী বুড়িচং উপজেলার ময়নামতি ঘোষ নগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
শের আলী ও সুজন মিয়া মিলে কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের আওতাধীন একটি আমবাগান লিজ নিয়ে জীবিকা নির্বাহ করতেন।
২০১৫ সালের ২৩ জুন আম বিক্রির পাঁচ লাখ টাকা ভাগাভাগি নিয়ে বিরোধে শের আলীর ঘরে ঢুকে তার হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায় আসামিরা।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই মো. বাবুল বাদী হয়ে চারজনকে আসামি করে বুড়িচং থানায় হত্যা মামলা করেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইমাম হোসেন তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।
এরপর ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন করে। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার তিনজনকে দোষী সাব্যস্ত করে রায় দিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, এ রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
