বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলা পরিদর্শনে আসেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
বন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
কুমিল্লায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। তবে এর জন্য সময় দিতে হবে। তাড়াহুড়ো করা যাবে না।”
গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলা। এখানকার দুর্গম এলাকায় অনেক পানিবন্দি মানুষ আটকে আছে বলেও স্বজনরা বলছেন। তবে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় এবং নৌকা বা স্পিডবোটের অভাবে অনেককে উদ্ধার করা যাচ্ছে না বলেও তারা জানাচ্ছেন।
এই অবস্থার মধ্যে সোমবার বুড়িচং উপজেলা পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বন্যা দুর্গত এলাকা থেকে ফিরে উপজেলার সোনার বাংলা কলেজ মাঠে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এ এক মানবিক বাংলাদেশ। দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়েছে। এটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বন্যার পর নানামুখী সমস্যা দেখা দেবে। বিশেষ করে কৃষিতে।
“অনেক ফসলের মাঠ তলিয়ে গেছে। শাকসবজি শেষ। ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। বন্যার পর আমরা উর্বর মাটি পাব। সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিতে হচ্ছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা বিকল্প স্থানে আমন ধানের বীজতলা তৈরি করছি। সবজির চারা উৎপাদন করা হচ্ছে। সবাই মিলে চেষ্টা করলে আমরা ঘুরে দাঁড়াবো।”
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কয়েকটি এলাকা পরিদর্শন করে মনে হয়েছে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। দুর্গম এলাকায় পৌঁছাতে সবারই সমস্যা হচ্ছে। পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড, আনসার, বিমান বাহিনী- উদ্ধার কাজ করছে।
“সেনাবাহিনী সবার সঙ্গে সমন্বয় করছে। উদ্ধারকারীরা এসব এলাকায় পৌঁছাতে সাবধানতা অবলম্বন করবেন। অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি তৈরি করবেন না।”
