২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বরিশালে মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা

“স্ত্রী ফোন করে জানায় যে, সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই নাঈম বটি দিয়ে মেয়েকে গলা কেটে হত্যা করেন।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2024, 12:33 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

বরিশালে এক ব্যক্তি তার পাঁচ বছরের সন্তানকে গলাকেটে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে নগরীর কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশে ‘স্বপ্ন বিলাস’ ভবনের চারতলায় এ ঘটনা ঘটে বলে কাউনিয়া থানার এসআই আরাফাত হাসান জানান।

মৃতরা হলেন-উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (৩৫) ও তার ৫ বছর চার মাস বয়সী মেয়ে রাবেয়া বশরী রোজা।

নাঈম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার গাড়ির চালক ছিলেন।

মৃতদের পরিবারের বরাতে এসআই আরাফাত বলেন, “চার মাস আগে স্ত্রীর সঙ্গে নাঈমের বিচ্ছেদ হয়। মঙ্গলবার রাতে স্ত্রী ফোন করে জানায় যে, সকালে মেয়েকে নিয়ে যাবে।

“তাই নাঈম বটি দিয়ে মেয়েকে গলা কেটে হত্যা করেন। পরে নিজের গলা কেটে আত্মহত্যা করেন।”

নাঈমের সামনের ঘরেই তার বোন থাকেন। কিন্তু তারা ঘটনাটি টের পাননি বলে জানান এসআই।    

তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এরপর বিস্তারিত জানা যাবে।”