ফেনীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম
এ ঘটনায় আওয়ামী লীগের লোকজনকে দোষছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক।
ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিবকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাতে উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় এ ঘটনা ঘটে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খোন্দকারের অভিযোগ।
ওই যুবদল নেতাকে কোপানোর পাশাপাশি তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বলেও নাসির উদ্দীন অভিযোগ করেন।
আর এসবের জন্য তিনি স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের লোকজনকে দোষছেন।
ওই যুবদল নেতার স্বজনদের বরাত দিয়ে নাসির উদ্দীন জানান, ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন রোববার ইফতার শেষে বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের একদল লোক তার বাড়িতে হামলা চালায়। তারা শাহাদাতকে মারধর করে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ভোরবাজারের একটি মাদরাসার পেছনে নির্জন স্থানে ফেলে যায়। স্থানীয় লোকজন শাহাদাতকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফ ইকবাল জানান, শাহাদাতের মাথায় ও শরীরের একাধিক স্থানে জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে, হামলার বিষয়ে স্থানীয় যুবদল ও যুবলীগ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।
ফেনী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেন, “অবৈধ সরকারের নির্দেশে যুবলীগের সশস্ত্র বাহিনী প্রকাশ্যে যুবদল নেতা শাহাদাত হোসেনের উপর হামলা চালিয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। তার বাড়িতে হামলা ও ভাংচুর করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানাই।”
এদিকে, হামলার কথা অস্বীকার করে ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন বলেন, “ফরহাদনগরে যুবদলের কয়েকটি গ্রুপ রয়েছে। তাদের সংগঠন নানাভাবে বিভক্ত। দলীয় কোন্দলের কারণে শাহাদাত হোসেনের উপর হামলা হয়েছে। এতে আমাদের দলের কেউ জড়িত নন।”
ওসি নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় রোববার রাত পর্যন্ত কেউ কোনো মামলা দায়ের কিংবা লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
