লক্ষ্মীপুরে অটোরিকশা চালকদের মারধরে ৩ ট্রাফিক পুলিশ হাসপাতালে
কারণ ছাড়াই কয়েকটি গাড়ি আটকিয়ে মামলা দেওয়ায় মারধরের ঘটনা ঘটে, বলেন চালকরা।
লক্ষ্মীপুরে সড়কে অভিযান চালানোর সময় সিএনজিচালিত অটোরিকশা চালকদের মারধরে ট্রাফিক পুলিশের তিনজন আহত হয়েছেন।
বুধবার দুপুরে জেলা শহরের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে ট্রাফিক পুলিশের পরিদর্শক প্রশান্ত কুমার দাস জানান।
আহতরা হলেন- সার্জেন্ট বড়ুয়া, কনস্টেবল ছোটন ভট্টাচার্য ও এএসআই সবুজ মিয়া। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সড়কে ফিটনেস ও লাইসেন্স বিহীন যানবাহনের বিরুদ্ধে সকাল থেকে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় শহরের বাড়বাড়ি এলাকায় মেঘনা সড়কে কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা জব্দ করে ট্রাফিক পুলিশ।
এ ঘটনার জের ধরে অটোরিকশা চালকরা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে চালকরা জড়ো হয়ে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে বিক্ষোভ করেন।
এলোপাতাড়ি মারধরে আহত ট্রাফিক পুলিশের ওই তিন সদস্যকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অটোরিকশা চালকদের দাবি, মাসোহারা দিয়ে রাস্তায় গাড়ি চালাতে হচ্ছে। অভিযানের নামে গাড়ি আটকিয়ে টাকা আদায় করে ট্রাফিক পুলিশ। কোনো কারণ ছাড়াই কয়েকটি গাড়ি আটকিয়ে মামলা দেওয়ায় এ ঘটনা ঘটে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল বলেন, “আহত অবস্থা ট্রাফিক পুলিশের তিনজনকে আনা হয়েছে। তাদের ভর্তি রাখা হয়েছে।”
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, “ঘটনাটি শুনেছি। আক্রান্ত ট্রাফিক পুলিশ থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
