২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে পুলিশ কথা শুনবে না তাকে থানায় রাখব না, আওয়ামী লীগ নেতার হুমকি

এ ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম।

যে পুলিশ কথা শুনবে না তাকে থানায় রাখব না, আওয়ামী লীগ নেতার হুমকি

মাদারীপুরের কালকিনিতে হাকিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা কামরুল হাসান সেলিম।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2023, 07:59 PM

Updated : 28 Dec 2023, 07:59 PM

যে পুলিশ কথা শুনবে না, সেই পুলিশকে থানায় রাখা হবে না বলে হুমকি দিয়েছেন মাদারীপুরের কালকিনি উপজেলার এক আওয়ামী লীগ নেতা।

হুমকি দেওয়া কামরুল হাসান সেলিম মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক। তিনি সাহেবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে বৃহস্পতিবার বিকালে কালকিনির সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম।

বুধবার রাতে সাহেবরামপুর ইউনিয়নের হাকিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা প্রার্থীর সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সেলিম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ৪৮ সেকেন্ডের ভিডিওতে কামরুল বলেন, “আমরা হলাম আবদুস সোবহান গোলাপের কর্মী, আওয়ামী লীগের কর্মী। আমাদের দিকে কেউ চোখ তুলে তাকালে তুলে ফেলতে হবে।

“আবার কেউ যদি বলে পা ভেঙে ফেলব, তাহলে আমাকে ফোন দেবেন, চারদিক থেকে বল্লার মতো এসে ধরে ওকে শেষ করে দেওয়া হবে; কোনো ছাড় হবে না।

“আপনারা পারবেন না? ভয় লাগে? আওয়ামী লীগ ক্ষমতায়। পুলিশ আপনাদের। যে পুলিশ…(গালি) কথা শুনবে না সেই পুলিশ….(গালি) থানায় রাখব না, পরিষ্কার ভাষা।”

এ ব্যাপারে ঈগল প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সোহেল রানা বলেন, “প্রতীক বরাদ্দের পর থেকেই নৌকা প্রার্থী এবং তার কর্মী-সমর্থকরা নির্বাচনে প্রভাব বিস্তার করে আসছেন। তারা বিভিন্ন সভা ও উঠান বৈঠকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভীতিকর বক্তব্যের মাধ্যমে নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করে তুলছেন।

বুধবার নৌকার বৈঠকে পুলিশ নিয়ে কামরুলের বক্তব্যের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে আওয়ামী লীগ নেতা কামরুল হাসান সেলিম সাংবাদিকদের বলেন, “আমার বক্তব্য এডিট করে ফেইসবুকে ছাড়া হয়েছে। বক্তব্যের আগে-পরে আরও কথা ছিল।”

অভিযোগ পাওয়ার কথা জানিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

আরও পড়ুন:

মাদারীপুর-৩: ‘নৌকার বৈঠকে’ ৩৭ শিক্ষক, ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি

মাদারীপুরে বৈঠা হাতে নৌকার মিছিলের পর মুচলেকা

গোলাপের প্রতি পক্ষপাতের অভিযোগের পর ওসি প্রত্যাহার

পাশের আসনে গোলাপের প্রচারে শাজাহান, স্বতন্ত্র প্রার্থীর সমালোচনা

মাদারীপুরে ভোটারদের ‘হুমকি’: শাজাহান খানের ছেলে আসিবুরকে শোকজ

মাদারীপুরে হামলায় আহত স্বতন্ত্র প্রার্থীর কর্মীর মৃত্যু