২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বৈঠা হাতে নৌকার মিছিলের পর মুচলেকা

নৌকা প্রার্থীর সমর্থকরা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য এ মিছিল করেন বলে দাবি স্বতন্ত্র প্রার্থীর।

মাদারীপুরে বৈঠা হাতে নৌকার মিছিলের পর মুচলেকা

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ প্রার্থী আবদুস সোবাহান মিয়া গোলাপের পক্ষে বৈঠা হাতে নৌকার মিছিল।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 08:10 PM

Updated : 25 Dec 2023, 08:10 PM

মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুস সোবাহান মিয়া গোলাপের পক্ষে বৈঠা হাতে নৌকার মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

এ ঘটনায় প্রার্থীর এক সমর্থককে ডেকে সতর্কের পাশাপাশি মুচলেকা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ।

এ আসনে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এক মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর কর্মী-সমর্থকরা ১৯ ডিসেম্বর বিকালে ওই ইউনিয়নে নৌকার পক্ষে একটি মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারী কয়েকশ নেতাকর্মীকে কাঠ দিয়ে তৈরি বৈঠা নিয়ে নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকসহ পুরো জেলায় ব্যাপক সমালোচনা হয়।

এর প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থক লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী তোফাজ্জেল হোসেনের নেতৃত্বে ২১ ডিসেম্বর বিকালে মিছিল বের হয়। সেই মিছিলে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরে শনিবার ভোরে লক্ষ্মীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।

স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, “লক্ষ্মীপুরে গোলাপের সমর্থকরা বৈঠা হাতে নিয়ে মিছিল করে ভোটারদের ভয় দেখিয়ে আচরণবিধি ভঙ্গ করেছেন। শুধু তাই নয়, ওই বৈঠা মিছিলের পর থেকে পুরো ইউনিয়নে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

“এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।”

মাদারীপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও উত্তম কুমার দাশ বলেন, “বৈঠা হাতে মিছিলে নেতৃত্ব দেওয়া ফজলুল হক বেপারীকে কার্যালয়ে ডেকে সতর্ক করা হয়েছে। পরে তিনি নির্বাহী হাকিমের কাছে মুচলেকা দিয়েছেন।

“সেইসঙ্গে ভবিষ্যতে আর এমন কর্মকাণ্ড করবেন না এবং ভয়-ভীতির উদ্রেক করে এমন কোনো কাজ করবেন না বলে তিনি অঙ্গীকার করেছেন”, বলেন ইউএনও।