বরিশালে প্রতিবন্ধীর নবজাতকের ঠাঁই হলো ছোটমনি নিবাসে
প্রসূতি মা গ্রহণ না করায় নবজাতকটিকে ছোটমনি নিবাসে দেওয়ার সিদ্ধান্ত হয়।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত পরিচয় এক নারীর সদ্যজাত সন্তানকে আগৈলঝাড়ার গৈলা ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে।
চিকিৎসক বলছেন, প্রসূতি নারীটি মানসিক প্রতিবন্ধী।
বুধবার বিকালে শিশুটিকে ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে বলে ওই হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা দিলরুবা রইচি জানান।
হাসপাতালটির গাইনি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মৌসুমী আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনুমানিক ত্রিশ বছর বয়সী অজ্ঞাত পরিচয় ওই নারীর অস্ত্রোপচারের মাধ্যমে ২৯ অগাস্ট একটি ছেলে শিশুর জন্ম হয়।
“এর আগে ওই দিন বিকালে ওই নারীকে হাসপাতালে ভর্তি করান জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রামের ইছাহাক হাওলাদারের স্ত্রী মিনারা বেগম। ভর্তির পর রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করেন। প্রসূতি মানসিক প্রতিবন্ধী হওয়ায় শিশুটিকে নিজের কাছে রেখে দিই।”
বুধবার শিশুটিকে হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা দিলরুবা রইচির কাছে হস্তান্তর করা হয় জানিয়ে মৌসুমী আক্তার বলেন, “প্রসূতি ওই নারী ও শিশুটি সুস্থ আছে।”
ওই হাসপাতালের গাইনী বিভাগের প্রধান ডা. খুরশিদ জাহান বলেন, “প্রসূতি মা গ্রহণ না করায় নবজাতকটিকে ছোটমনি নিবাসে দেওয়ার সিদ্ধান্ত হয়।”
সমাজসেবা কর্মকর্তা দিলরুবা রইচি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্তানটিকে তার কাছে দেওয়ার পর তিনি ওই সন্তানের নাম রাখেন ‘মোহাম্মাদ’। পরে তাকে আগৈলঝাড়ার গৈলা ছোটমনি নিবাসে পাঠানো হয়।
“এর আগে হাসপাতাল সমাজসেবা কার্যালয় থেকে শিশুর জন্য দুধ, নতুন জামা, তোয়ালে, ফিডার, ফ্লাস্ক, টিস্যু, গামলা ও অয়েল ক্লথ দেওয়া হয়। বিকালে অনুষ্ঠানিকভাবে ছোটমনি নিবাসের স্টাফ সাহিদা খানমের কাছে শিশু হস্তান্তর করা হয়েছে।”
শিশুটিকে গ্রহণ করা হয়েছে বলে ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক সুশান্ত বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
নিবাসে ১৬ জন শিশু আছে; সাত বছর বয়স পর্যন্ত তাদের এখানে লালন-পালন করা হবে বলে জানান নিবাসের এ কর্মকর্তা।
