২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যানের সঙ্গে ঝুলছিলেন মা, বিছানায় শিশুকন্যার লাশ

একটি চিরকুট পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ২৪

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2024, 11:27 AM

Updated : 26 Aug 2026, 09:33 AM

ঢাকার দোহার উপজেলায় বসতঘর থেকে এক মা ও তার শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি বৃহস্পতিবার সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- বিলাশপুর ইউনিয়নের রাজানগরের হরিচন্দি এলাকার প্রবাসী সিরাজুল শেখের স্ত্রী কাজল আক্তার (২৫) ও তার দেড় বছর বয়সী মেয়ে তাবাসসুম।

দোহার থানার এসআই মিন্টু লষ্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গৃহবধূর স্বামী বেশ কয়েক বছর ধরে সৌদি আরবে থাকেন। শাশুড়ি এবং সন্তান তাবাসসুম ও খাদিজাকে (৬) নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন কাজল।

“বুধবার দুপুরের কোনো এক সময়ে তাবাসসুমকে নিয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে দেন কাজল। পরে দীর্ঘ সময় দরজা না খোলায় ও শ্বাশুড়ির ডাকে কোনো সাড়া না দেওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।”

পুলিশ কর্মকর্তা মিন্টু বলেন, মিস্ত্রি এনে কাজলের ঘরের দরজা ভাঙা হয়। সেখানে তাকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। আর বিছানায় তাবাসসুমের লাশ পড়েছিল।

পাশেই একটি চিরকুট মিলেছে বলে জানান তিনি।

এসএআই মিন্টু জানান, ওই চিরকুটে লাশ ময়নাতদন্ত না করতে অনুরোধ জানানোর পাশাপাশি বাবার বাড়িতে দাফনের আকুতি জানানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা মিন্টু বলেন, “স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের সঙ্গে মনোমালিন্য ও ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর জের ধরে শিশুকন্যাকে শ্বাসরোধ করে মেরে কাজল আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” 

এ ঘটনায় আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।