কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
এ ঘটনায় দুই যুবককে আটক করেছে বিজিবি।
কুড়িগ্রামে সীমান্তবর্তী এলাকা থেকে এক সপ্তাহে মাদকসহ দুই কোটি টাকার বেশি ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় আটক করা হয়েছে দুই যুবককে।
মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে এসব জব্দ করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন কুড়িগ্রাম- ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক।
আটকরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের বাচ্চু রহমানের ছেলে মমিনুল ইসলাম (২৪) এবং একই উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে মো. হুমায়ুন কবির (২০)।
বিজিবি জানায়, ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি।
অভিযানে ভারতীয় গবাদি পশু (গরু ও মহিষ) ১২৫টি, ৬৩৫ বোতল মদ, ১৪৫ কেজি গাঁজা, ৭৭২টি ইয়াবা, ৫৫৯ কেজি জিরা, ১৯০ কেজি চিনি, ৪৯৬টি পোশাক, ৭৯ হাজার ভারতীয় রুপি, ৪৫ হাজার ১৫০টি চকলেট, বিভিন্ন প্রকার ক্রিম, তেল ও শ্যাম্পু জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১১ লাখ ছয় হাজার টাকা বলে জানায় বিজিবি।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক।
