২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি পাকিস্তানের ‘প্রক্সি খেলোয়াড়’: ইনু

৭১ সালে অগ্নিঝরা মার্চে পাকিস্তানিদের যে আচরণ ছিল এখন ২০২৩ সালে এসে বিএনপি সেই একই আচরণ করছে।

বিএনপি পাকিস্তানের ‘প্রক্সি খেলোয়াড়’: ইনু

কুষ্টিয়ার মিরপুর উপজেলা চত্বরে ৭ই মার্চ মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর হাসানুল হক ইনু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2023, 09:31 PM

Updated : 07 Mar 2023, 09:31 PM

বিএনপিকে পাকিস্তানের ‘প্রক্সি খেলোয়াড়’ বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

মঙ্গলবার ৭ মার্চ উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, ৭১ সালে অগ্নিঝরা মার্চে পাকিস্তানিদের যে আচরণ ছিল এখন ২০২৩ সালে এসে বিএনপি সেই একই আচরণ করছে।

বিএনপি মুখে নির্বাচন আর গণতন্ত্রের কথা বললেও একাত্তরের মীমাংসিত বিষয়গুলো বানচাল করা তাদের মূল এজেন্ডা বলে মনে করেন ইনু।  

“তাই তারা অগ্নিঝরা মার্চকে স্মরণ করে না, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলে না, সংবিধানের চার নীতি না মেনে তা উড়িয়ে দেবার হুমকি দেয়,” বলেন জাসদ সভাপতি।  

ইনু বলেন, বিএনপি তারেক রহমানের কারাবন্দি দিবস পালন করে আবারও প্রমাণ করল তারা অপরাধীদের পক্ষে। বিএনপি জামায়াত, রাজাকার ও জঙ্গি গোষ্ঠীর রক্ষার দল।

“বিএনপি মূলত পাকিস্তানের প্রক্সি খেলোয়াড় হিসেবে বাংলাদেশের রাজনীতিতে বিচরণ করছে।”

সংবিধান পরিবর্তন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে ইনু বলেন, “সংবিধান কাটাছাঁটা করেছে জেনারেল জিয়া ও সামরিক শাসকরা। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়ের আলোকে শেখ হাসিনা ও আমরা সংবিধানকে মেরামত করছি।”

পরে তিনি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন এবং পরিচালনা পরিষদের বৈঠকে অংশ নেন।

এ সময় মিরপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ স্থানীয় জাসদ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।