ঈদের আনন্দ করতে বেরিয়ে সড়কে প্রাণ গেল বাইক আরোহী দুজনের
চিকিৎসক জানান, আহত আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে সড়কের সাইফিয়া দরবার শরিফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির এসআই নাছির উদ্দিন।
নিহতরা হলেন- পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের মঞ্জুর ছেলে সাফায়েত (১৮) এবং দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আক্তার হোসেনের ছেলের রাজন (১৮)।
আহত তিনজন হলেন- সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার রফিকের ছেলে মো. রিয়াজ (১৯), পৌরসভার বাঞ্চানগর এলাকার সোহেল রানার ছেলে শোয়েব ইসলাম (১৮) এবং তুষার (৩০)। তুষারের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দুটি মোটরসাইকেল নিয়ে পাঁচজন সড়কে ঘুরতে বেরিয়েছিলেন। মোটরসাইকেল দুটি দ্রুত গতির হওয়ায় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সাফায়েত এবং হাসপাতালে নেওয়ার পথে রাজন মারা যান।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় বলেন, “আমরা দুজনকে মৃত পেয়েছি। আর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।“
এসআই নাছির উদ্দিন বলেন, “দুটি মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
