২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীর পদ্মায় বালুবাহী বাল্কহেডে দুর্বৃত্তদের গুলি, আহত ৩

গুলিবিদ্ধদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের ওয়ার্ডে রাখা হয়েছে বলে চিকিৎসক জানান।

রাজবাড়ীর পদ্মায় বালুবাহী বাল্কহেডে দুর্বৃত্তদের গুলি, আহত ৩

আহতরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2023, 10:34 PM

Updated : 25 Feb 2023, 10:34 PM

রাজবাড়ীর পদ্মায় বালুবাহী বাল্কহেডে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিন শ্রমিক আহত হয়েছেন।

শনিবার দুপুরে সদর উপজেলার কালিতলা এলাকার মাঝ পদ্মায় এ ঘটনা ঘটে বলে রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান।

আহতরা হলেন বাগেরহাটের স্মরণখোলা উপজেলার আব্দুর রশিদের ছেলে আব্দুর রব (৪৮), রাজবাড়ী সদর উপজেলার আটদাপুনিয়া গ্রামের বিনোদ আলী শেখের ছেলে মো. আব্দুল্লাহ (৫০), বরিশালের পাতারহাটের আব্দুল বারেকের ছেলে সজিব (৩১)। তারা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা কয়েকজন সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকা থেকে বাল্কহেডে বালু নিয়ে রওনা দেন। কিছু দূরে পৌঁছলে একটি স্প্রিডবোটে আসা তিন-চারজন বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। গুলিতে তিনিসহ তিন শ্রমিক বিদ্ধ হন।

আব্দুল্লাহ আরও বলেন, “নদীতে চলাচলরত বাল্কহেড থেকে দীর্ঘদিন ধরে চাঁদা ওঠায় দুর্বৃত্তরা। শুনেছি, গত শুক্রবার থেকে প্রশাসন অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে। এখন অভিযান বন্ধ রয়েছে।”

রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসাক নিনজিয়া রহমান বলেন, “গুলিবিদ্ধ ব‍্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে রাখা হয়েছে। সবাই শঙ্কা মুক্ত।”

সন্ধ্যায় রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখত অভিযোগ আসেনি।”