আসন পুনর্বহাল: বাগেরহাটে নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট
বেলা ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা সেখানে অবস্থান ধর্মঘট পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বুধবার সকাল ৯টায় আন্দোলনকারীরা জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে জড়ো হন। পরে বেলা ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা তারা সেখানে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন।
সর্বদলীয় সম্মিলিত কমিটির সহ-সমন্বয়ক ও জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গাপূজায় ভোগান্তি কমাতে মঙ্গল ও বুধবারের দুদিনের হরতালের কর্মসূচি প্রত্যাহার করে জেলা ও সকল উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কার্যালয়ে দুদিনের অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়।
“এর প্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বদলীয় সম্মিলিত কমিটির সমর্থকরা নির্বাচন কার্যালয়ের সামনে জড়ো হয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন। আজও (বুধবার) আমরা একই কর্মসূচি পালন করলাম।”
বৃহস্পতিবারও একই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আসন পুনবর্হালের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
এদিকে জেলা নির্বাচন অফিসের ঢোকার গেট আটকে আন্দোলনকারীরা অবস্থান নেওয়ায় ভোগান্তিতে পড়েন সেবা গ্রহীতারা।
দুপুর পর্যন্ত কর্মসূচি চলাকালে কাউকে নির্বাচন কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। ফলে কার্যালয়ের নিয়মিত কাজ বিঘ্নিত হয়।
বাগেরহাটের মোংলা উপজেলা থেকে আসা নীলা রহমান বলেন, “আমি আমার জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের কাজে এসে বিড়ম্বনায় পড়েছি। সকাল ৯টার দিকে জেলা নির্বাচন অফিসের সামনে এসে দেখি গেট বন্ধ। ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না আন্দোলনকারীরা।
“দুপুরের পর অফিস খুললে তারা আমার কাজটি করে দেবে কিনা বুঝতে পারছি না,” বলেন তিনি।
সম্প্রতি নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন চূড়ান্ত করে গেজেট প্রকাশ করে। গেজেট জেলার রামপাল ও মোংলা উপজেলা নিয়ে গঠিত তিন নম্বর সংসদীয় আসনটি ভেঙে দিয়ে বাগেরহাট-২ ও চার নম্বর আসনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।
এর প্রতিবাদে টানা হরতাল-অবরোধসহ ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করছে জেলার বিভিন্ন রাজনৈতিক দল-সামাজিক সংগঠনের উদ্যোগে গড়ে ওঠা সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বদলীয় সম্মিলিত কমিটি বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে হরতালসহ চার দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। এর আগে তারা দুই দফা হরতাল, অবরোধসহ নানা কর্মসূচি পালন করে।
আগের সংবাদ
