সংসদীয় আসন পুনর্বহাল: বাগেরহাটের হরতাল প্রত্যাহার
হরতালের পরিবর্তে কমিটি আগামী মঙ্গল ও বুধবার সব উপজেলা নির্বাচন কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে।
বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ডাকা দুই দিনের আধাবেলা হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
সোমবার বিকালে সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
হরতালের পরিবর্তে কমিটি আগামী মঙ্গল ও বুধবার সব উপজেলা নির্বাচন কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে।
এম এ সালাম বলেন, “মঙ্গল ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের কর্মসূচি ছিল। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসবের ভোগান্তি কমাতে দুইদিনের ঘোষিত আধাবেলা হরতাল প্রত্যাহার করা হয়েছে।
“দুপুরে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে একটি সভা করে। সেই সভা থেকে হরতালের কর্মসূচি প্রত্যাহার করা হয় এবং নির্বাচন কার্যালয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।”
