Published : 24 Aug 2025, 10:38 AM
বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সাত ঘণ্টার মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
রোববার সকাল ৯টা থেকে শুরু হওয়া অবরোধে বাগেরহাটের সঙ্গে আশেপাশের সব জেলার যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
সকাল থেকেই বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট-কাটাখালী-নওয়াপাড়া, মোল্লাহাট-চিতলমারী এবং বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া-সাইনবোর্ডসহ বিভিন্ন সড়কে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম।
বিকাল ৪টা পর্যন্ত একটানা এই অবরোধ চলবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তারা স্থানীয় জেলা নির্বাচন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবেন।

সম্প্রতি নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে রামপাল ও মোংলা উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসনটি ভেঙে দিয়ে বাগেরহাট-২ ও ৪ নম্বর আসনের সঙ্গে জুড়ে দেওয়ার খসড়া অনুমোদন দেয়।
কমিশনের এ সিদ্ধান্তের পর বাগেরহাটে বিএনপি, জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ফুঁসে উঠে। তারা চারটি আসনই বহাল রাখার দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন।
এর আগে বৃহস্পতিবারও একই দাবিতে সাড়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছিল সর্বদলীয় সম্মিলিত কমিটি।
রোববার সকালে বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী-সমর্থকরা রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
ফলে বাগেরহাট থেকে খুলনা, পিরোজপুর, বরিশাল ও ঢাকামুখী গোপালগঞ্জের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পোহাতে হচ্ছে যাত্রীদের।
এদিকে, সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা অবরোধের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাগেরহাট শহরের ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনগুলোও দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে।
জেলা পুলিশের সুপার তৈাহিদুল আরিফ বলেন, বিভিন্ন সড়কে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক আছে।
আরও পড়ুন
সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সড়ক অবরোধ, ভোগান্তি
আসন পুনর্বহালের দাবি: বাগেরহাটে অবরোধসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা
সংসদীয় আসন কমে যাওয়ায় ক্ষুব্ধ বাগেরহাটবাসী
বাগেরহাটের সংসদীয় আসন বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ তৃতীয় দিনে