Published : 21 Aug 2025, 02:50 PM
বাগেরহাটের চারটি সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া মোড়ে নেতাকর্মী-সমর্থকরা সড়ক অবরোধ করেন।
এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। সাড়ে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় বাগেরহাট থেকে খুলনা, পিরোজপুর, বরিশাল ও ঢাকামুখী গোপালগঞ্জের সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য বিএনপি নেতা মনিরুল ইসলাম খান এবং সদস্যসচিব জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস জানান, বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে দেওয়ার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি।
রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবার অবরোধ হবে। এদিন বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট-কাটাখালী-নওয়াপাড়া, মোল্লাহাট-চিতলমারী এবং বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া-সাইনবোর্ড সড়ক এই তিনটি জায়গায় অবরোধ করা হবে। পাশাপাশি বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় অবরোধের কর্মসূচি রয়েছে।
মঙ্গলবার বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে অবরোধসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটি।
সম্প্রতি নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে রামপাল ও মোংলা উপজেলা নিয়ে গঠিত তিন সংসদীয় আসনটি ভেঙে দিয়ে বাগেরহাট-২ ও চার নম্বর আসনের সঙ্গে জুড়ে দেওয়ার খসড়া অনুমোদন দেয়। নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের পর বাগেরহাটে বিএনপি, জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল সীমানা পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে।