১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪ সংসদীয় আসন পুনর্বহাল: বাগেরহাটে সোমবার হরতাল

দাবি আদায়ে একদিন বিরতি দিয়ে বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টা হরতালের ঘোষণাও এসেছে।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 05:08 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।  

রোববার দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম।

এতে জানানো হয়, দাবি আদায়ে একদিন বিরতি দিয়ে বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টা হরতাল পালন করা হবে। 

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- রোববার অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজারে প্রচার আর মঙ্গলবার জেলায় বিক্ষোভ মিছিল।

পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করে এম এ সালাম বলেন, “আসন পুনর্বহালের দাবিতে সবাই জেলাজুড়ে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবে। আসন ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।” 

৩০ জুলাই বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে কমিয়ে তিনটি করার খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের প্রতিবাদের জেলাজুড়ে অবরোধ, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি হয়। এর মধ্যে নির্বাচন কমিশনে আপিল হয়। আপিলের শুনানির পর নির্বাচন কমিশন বৃহস্পতিবার বাগেরহাটের তিনটি আসন চূড়ান্ত করে।