আসন পুনর্বহাল: বাগেরহাটে আগামী ৩ দিনের হরতালে খোলা থাকবে ব্যবসা প্রতিষ্ঠান
আগামী সোম থেকে বুধবার পর্যন্ত পরপর তিনদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ডেকেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা আগামী তিনদিনের সকাল-সন্ধ্যা হরতালে ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে।
ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে হরতালের আওতামুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সর্বদলীয় সম্মিলিত কমিটির সহ-সমন্বয়ক এম এ সালাম।
তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সর্বদলীয় সম্মিলিত কমিটির জরুরি সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাগেরহাটের সড়ক-মহাসড়কগুলোতে যানচলাচল বন্ধ থাকবে।
এদিকে ব্যবসা প্রতিষ্ঠানকে হরতালের আওতামুক্ত রাখার সিদ্ধান্তে খুশি ব্যবসায়িরাও।
বাগেরহাটের পোশাক ব্যবসায়ী মাহবুবুল আলম কাজল বলেন, আসন পুনর্বহালের দাবিতে সংহতি প্রকাশ ও সমর্থন দিয়ে টানা হরতালে দোকানপাট বন্ধ রাখে ব্যবসায়ীরা। তবে দফায় দফায় হরতালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিদিন ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকার লোকসানে পড়ছে।
“এভাবে চললে ব্যবসায়ীরা ব্যবসা বাঁচাবে কী করে। তাই আমরা কিছুটা আর্থিক ক্ষতি পোষাতে শুক্রবার ছুটির দিনে দোকান খুলে দেই। হরতালে ব্যবসা প্রতিষ্ঠানকে বাইরে রাখতে সর্বদলীয় সম্মিলিত কমিটির প্রতি আহ্বান জানাই।
তিনি আরও বলেন, “আমাদের আহ্বানে সাড়া দিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটি শুক্রবার রাতে জরুরি সভা করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আগামী সোম থেকে বুধবার পর্যন্ত পরপর তিনদিন ডাকা সকাল থেকে সন্ধ্যা হরতালের আওতামুক্ত রাখার সিদ্ধান্ত দিয়েছে। তাদের এই সিদ্ধান্তে ব্যবসায়ীরা খুশি হয়েছে।”
সম্প্রতি নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন চূড়ান্ত করে গেজেট প্রকাশ করে। জেলার রামপাল ও মোংলা উপজেলা নিয়ে গঠিত তিন নম্বর সংসদীয় আসনটি ভেঙে দিয়ে বাগেরহাট-২ ও চার নম্বর আসনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।
এর প্রতিবাদে টানা হরতাল-অবরোধসহ ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করছে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে গড়ে ওঠা সর্বদলীয় সম্মিলিত কমিটি।
আগের সংবাদ
