সড়কের পাশে দাঁড়ানো শিশুটিকে চাপা দিয়ে মারল অটোরিকশা
স্বজনদের সঙ্গে উল্লাপাড়ার কৃষ্টপুরে আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিল মারিয়া।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার এসআই আশরাফি বেগম জানান, শুক্রবার দুপুরে উপজেলার শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের কয়ড়া ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মারিয়া (৭) উপজেলার উধুনিয়া ইউনিয়নের খাড়ুয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে।
আশরাফি বেগম জানান, মারিয়া স্বজনদের সঙ্গে কৃষ্টপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে শিশুটি দুপুরের দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পিছন থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। অটোরিকশাটি তাকে টেনে-হিঁচড়ে কিছুদূর নিয়ে যায়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
