জয়পুরহাটে হত্যার ২৩ বছর পর রায়ে একজনের মৃত্যুদণ্ড
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে ছয়জন খালাস পেয়েছেন।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় হত্যার ২৩ বছর পর এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দিন আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান।
দণ্ড পাওয়া ৪৫ বছর বয়সী হুমায়ুন উপজেলার নাওডোবা গ্রামের আবুল হোসেনের ছেলে।
২৩ বছর আগে নিহত আব্দুর রাজ্জাক একই গ্রামের আইয়ুব আলীর ছেলে।
মামলার বরাতে পিপি নৃপেন্দ্রনাথ বলেন, রাজ্জাকের সঙ্গে একই গ্রামের এক মেয়ের প্রেম ছিল। কিন্তু মেয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে নেননি।
“এরই জেরে ২০০০ সালের ১৪ জুন রাতে সালিশের নামে রাজ্জাককে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আসামিরা। সেখানে রাতে তাকে মারপিটের পর বিষ মেশানো পানি পান করানো হয়।
“এতে রাজ্জাক অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে পৌঁছে দেন আসামিরা। পরে পরিবারের লোকজন তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে একদিন পর রাজ্জাক মারা যান।”
এ ঘটনায় রাজ্জাকের মা ওই বছরের ২৮ জুন পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০২ সালের ৮ জুন সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পিপি আরও বলেন, শুনানি শেষে হুমায়ুনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জন খালাস পেয়েছেন।
