১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলা: এনএসআইয়ের সাবেক ডিজিসহ আরও ৫ জনের মুক্তি

একই মামলায় সাজা বাতিলসহ মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2025, 09:30 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকেও পাঁচজন মুক্তি পেয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন সময় কারাগার থেকে মুক্তি পান তারা। তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল-মামুন চার জনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন-এনএসআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহসিন উদ্দিন তালুকদার ও এনএসআইয়ের সাবেক মাঠ কর্মকর্তা (ফিল্ড অফিসার) হেলাল উদ্দিন খান।

এ ছাড়া বৃহস্পতিবার বিকাল ৩টায় কাশিম কারাগার থেকে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক মেজর (অব.) এম লিয়াকত হোসেন মুক্তি পান।

বৃহস্পতিবার সকালে তার মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে আসলে যাচাই-বাছাই শেষে অন্য কোনও মামলায় আটকাদেশ না থাকায় মুক্তি দেওয়া হয় বলে আল-মামুন জানান।

একই দিন বিকাল সাড়ে ৪টায় হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে এনএসআইয়ের নিরাপত্তা বিভাগের সাবেক পরিচালক (ডাইরেক্টর) উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন আহমেদকে মুক্তি দেওয়া হয়।

তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারাগার-১ এর জেলার মো. তরিকুল ইসলাম।

একই মামলায় সাজা বাতিলসহ মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।