Published : 24 Jul 2026, 07:24 PM
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হওয়ার খবর পেয়ে অন্য দিনের মতো ঘটনাস্থলে ছুটে যান পুলিশের একটি টহল দলের সদস্যরা। সেখানে গিয়ে তারা জানতে পারেন, ট্রাকচাপায় নিহত স্কুলছাত্রটি টহল দলে থাকা এক পুলিশ সদস্যেরই ছেলে।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে শহরের গাইটাল জনতা স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোাহাম্মদ আবুল কালাম ভূঞা জানিয়েছেন।
এছাড়া বেলা ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি সংলগ্ন এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয় জন।
নিহত তুহিন (১০) কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার বাসিন্দা ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বা মোহাম্মদ সামছুল ইসলাম কিশোরগঞ্জ সদর মডেল থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত।
ওসি আবুল কালাম বলেন, “তুহিন সকালে সাইকেল নিয়ে জনতা স্কুল রোড এলাকায় যায়। এ সময় একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের দায়িত্ব পালন করতে গিয়ে নিহত শিশুটি যে নিজের ছেলে, তা জানতে পারেন কনস্টেবল মোহাম্মদ সামছুল ইসলাম।”
তিনি বলেন, “সন্তানের নিথর দেহ দেখে সামছুল ইসলাম কান্নায় ভেঙে পড়েন। সহকর্মী ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। হৃদয়বিদারক এ দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লূত করে তোলে।”
তুহিনদের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলায়। পরিবারের সঙ্গে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় ভাড়া বাসায় থ্কত সে। এ ঘটনায় পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ওসি আবুল কালাম বলেন, “সামছুল ইসলাম আমাদের থানার একজন দায়িত্বশীল সদস্য। ঘটনাটি আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।”
এদিকে পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক এ কে মোস্তাফিজুর রহমান নিহত হন। তিনি ঢাকার মিরপুরের কাফরুল এলাকার বাসিন্দা।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশ্যে যাওয়া একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসচালকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।