২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে তিন গাড়ির সংঘর্ষে বাবা-ছেলে নিহত, আহত অন্তত ৩০

কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সংঘর্ষ হয়; সাইড দিতে গিয়ে উল্টে যায় একটি ট্রাক।

রংপুরে তিন গাড়ির সংঘর্ষে বাবা-ছেলে নিহত, আহত অন্তত ৩০

রংপুরে সড়ক দুর্ঘটনা দুমড়েমুচড়ে যাওয়া বাস।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 05:11 PM

Updated : 08 Jul 2023, 05:44 PM

রংপুরের পীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুই বাস ও ট্রাকের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে; আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বোর্ডের ঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজিবর রহমান জানান।

নিহতরা হলেন উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের আল আমিন (৪০) ও তার ছেলে মাহিন (৬)। আল আমিন তার সন্তানকে নিয়ে ঢাকা যাওয়ার জন্য পীরগঞ্জ থেকে বাসে উঠেছিলেন।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ইনচার্জ মজিবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অনিন্দ্য পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাইড নিতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে উল্টে যায়।

Image

সড়কের পাশে উল্টে যাওয়া একটি ট্রাক।

“এতে ঘটনাস্থলেই বাস যাত্রী বাবা-ছেলে মারা যায়। এ ঘটনায় দুই বাসের অন্তত ২৫ থেকে ৩০ যাত্রী আহত হয়েছেন।”

পুলিশ জানায়, খবর পেয়ে আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই বাড়ি ফিরে গেছেন।