২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ডিসি কার্যালয় ঘেঁষে অটোরিকশা স্ট্যান্ড সরানোর দাবি

ডিসি বলেন, অটোরিকশার স্ট্যান্ড সরিয়ে নিতে অভিযোগ পেয়েছি; যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোণায় ডিসি কার্যালয় ঘেঁষে অটোরিকশা স্ট্যান্ড সরানোর দাবি

নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয় ঘেঁষে অটোরিকশা স্ট্যান্ড

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 09:30 PM

Updated : 16 Jan 2024, 09:30 PM

নেত্রকোণা পৌর শহরের প্রধান সড়কে জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণ গেট ঘেঁষে অবৈধভাবে গড়ে উঠা অটোরিকশা স্ট্যান্ডটি সরানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার এই দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাসেম সরকার, মো. হেলাল উদ্দিন, সংবাদকর্মী সুজাদুল ইসলাম ফারাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে এই স্ট্যান্ডটি বসিয়ে ব্যবসা করছেন। এতে প্রধান সড়কটিতে যানজট লেগেই থাকে। পথচারী ও এলাকাবাসী এই সড়ক দিয়ে চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।

ওই সড়ক দিয়ে নেত্রকোণা জেলা কারাগার থেকে আদালতে আসামিদের আনা নেওয়া হয়। এ ছাড়া স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে করে ওই স্থানে প্রায় সময়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

অভিযোগকারীদের একজন সুজাদুল ইসলাম ফারাস বলেন, “এর আগেও নানাভাবে আমরা চেষ্টা করেছি এই স্ট্যান্ডটি সরানোর জন্যে। কিন্তু কিছুতেই সুরাহা হয়নি। আমরা এখন জেলা প্রশাসকের দিকে তাকিয়ে আছি।”

জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, এলাকাবাসী অটোরিকশার স্ট্যান্ড সরিয়ে নেওয়ার ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।