ভোটে অনিয়ম হবে না মানে হবে না: আরএমপি কমিশনার
“কেউ কেন্দ্র দখল করে জাল ভোট দিতে পারবে না। ভোটে কোনো ধরনের জালিয়াতিও হবে না।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে কোনো ধরনের অনিয়ম হবে না, হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
‘নির্বাচন কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব’ তা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চান জানিয়ে তিনি বলেন, “কেউ কেন্দ্র দখল করে জাল ভোট দিতে পারবে না। ভোটে কোনো ধরনের জালিয়াতিও হবে না। ভোটে অনিয়ম হবে না, মানে হবে না। ভোট হবে ভোটের মতো।”
শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে প্যারেড ব্রিফিংয়ে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে যাওয়া পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে এ কথা বলেছেন তিনি।
পুলিশ কমিশনার বলেন, “কোনো ভোটারকে কেউ বাধা দিতে পারবে না। ভোটার ভোটকেন্দ্রে যাবেন, নিজের মতো করে ভোট দিয়ে বের হবেন। মাঝখানে কেউ বাধা দিতে গেলে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
“ওসিদের প্রতি নির্দেশ থাকল, ভোটকেন্দ্রে কেউ ফৌজদারি অপরাধ করলে সাথে সাথে তার বিরুদ্ধে মামলা করতে হবে।”
“এর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। অপরাধ বিবেচনায় তারা ভ্রাম্যমাণ আদালতে বিচার করে সাজা দেবেন। তা না হলে থানায় মামলা হবে।”
আরএমপি কমিশনার বিপ্লব বলেন, “একটা কথা আসে যে রাতে ভোট হয়ে যায়। তাই এবার ব্যালট যাবে ভোটের দিন সকালে। এই ভোট বাধাগ্রস্ত করতে একটা মহল নানা কর্মকাণ্ড করতে পারে। তাদের মোকাবিলার জন্য পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকতে হবে।”
কেউ যেন কোনো ধরনের ব্যাগ কিংবা টিফিন ক্যারিয়ার নিয়ে ভোটকেন্দ্রে ঢুকতে না পারে সেজন্য তিনি সতর্ক থাকার কথা বলেন।
এই ব্রিফিং প্যারেডে ২ হাজার ১৯৫ জন পুলিশ সদস্য ও ১ হাজার ৩৪৪ জন আনসার সদস্য অংশ নেন। ভোটকেন্দ্রে তারা কীভাবে দায়িত্ব পালন করবেন সে বিষয়ে তাদের দিকনির্দেশনা দেন পুলিশ কমিশনার।
এ সময় আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা ভোটকেন্দ্রের দিকে রওনা দেন।
আরএমপির অধীনে এবার চারটি সংসদীয় এলাকা পড়েছে। ভোটকেন্দ্র রয়েছে ২১৩টি। এর মধ্যে ২৪টি ছাড়া অন্য সব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রেই ১২ জন করে আনসার সদস্য থাকবেন। আর সাধারণ ভোটকেন্দ্রে তিনজন ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য থাকবেন।
এছাড়া পুলিশের ৪৭টি মোবাইল টিম, ২০টি স্ট্রাইকিং টিম, কুইক রেসপন্স টিম বোম ডিসপোজাল ইউনিট মাঠে থাকবে। এছাড়া র্যাবের চারটি দল, ৭ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন আনসার ও ৬ প্লাটুন সেনা সদস্য টহলে থাকবে।
এদিকে শনিবার সকাল থেকেই রাজশাহীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি মোড়েই সেনা সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
অপরদিকে, রাজশাহী বিভাগীয় কমিশনারের তথ্য মতে, এ বিভাগে নির্বাচনের মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় থাকছে এক হাজার বিজিবি সদস্য, ২০ হাজার পুলিশ, সেনা সদস্য তিন হাজার ৭০০ এবং আনসার সদস্য ৬৫ হাজার। এছাড়াও ৪৫০ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
