২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিকশাচালক খুনের ১৬ বছর পর দুইজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে ২০০৮ সালের ২৮ নভেম্বর রিকশাচালক ওসমানের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2024, 09:07 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রিকশা চালককে হত্যার ১৬ বছর পর দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন তিনজন।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) আব্দুর রহিম।

দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার চামুরকান্দি এলাকার প্রয়াত চান মিয়ার ছেলে মো. আবুল হোসেন এবং সুলপান্দি এলাকার সালাউদ্দিনের ছেলে মো. উকিল।

মামলার বরাতে এপিপি রহিম বলেন, ২০০৮ সালের ২৮ নভেম্বর একটি বিলের পাশে ঝোপ থেকে রিকশাচালক ওসমানের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় ওসমানের বাবা বাদী হয়ে অজ্ঞাত পরিচয়দের আসামি করে হত্যা মামলা করেন। 

তদন্তে শেষে পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাস কারাবাসে থাকতে বলে জানান এপিপি আব্দুর রহিম।