১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বগি লাইনচ্যুত: তিন ঘণ্টা পর বগুড়ায় ট্রেন চলাচল স্বাভাবিক

গাবতলী রেলস্টেশনের কাছে সান্তাহার থেকে বোনারপাড়াগামী ‘কলেজ ট্রেনের’ তিনটি বগি লাইনচ্যুত হয়।

বগি লাইনচ্যুত: তিন ঘণ্টা পর বগুড়ায় ট্রেন চলাচল স্বাভাবিক
ফাইল ছবি

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2024, 11:20 AM

Updated : 26 Aug 2026, 09:54 AM

বগুড়ার গাবতলী‌তে এক‌টি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।

বগুড়া রেলস্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার সাজেদুর রহমান জানান, লাইনচ্যুত হওয়া বগিগুলো রোববার রাত ১২টায় মূল লাইন থেকে ওঠানো হলে রেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রাত ৯টার দিকে গাবতলী রেলস্টেশনের কাছে সান্তাহার থেকে বোনারপাড়াগামী ‘কলেজ ট্রেনের’ তিনটি বগি লাইনচ্যুত হয়।

গাবতলী রেলওয়ে স্টেশন মাস্টার ইমরুল কায়েস বলেন, “রোববার রাত সোয়া ৮টায় লোকাল কলেজ ট্রেনটি বগুড়া রেলস্টেশন থেকে বোনারপাড়ার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি গাবতলী স্টেশনে প্রবেশ করার আগেই পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

“এতে মেইন রেললাইন ব্লক হয়ে রাজধানীর সঙ্গে বগুড়া, গাইবান্ধা ও লালমনিরহাটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।”

উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।