২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর-চট্টগ্রামের পথে ট্রেন চলল ১৪ দিন পর

অন্য ট্রেনটি চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে স্টেশন মাস্টার জানান।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2024, 10:54 PM

Updated : 26 Aug 2026, 10:09 AM

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের কারণে চাঁদপুর-চট্টগ্রামের পথে বন্ধ থাকা দুটি ট্রেনের মধ্যে একটি চালু হয়েছে। ১৪ দিন পর এ পথে ট্রেন চালু হলেও যাত্রী ছিল খুবি কম।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন চাঁদপুর বড় স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার মো. সোয়াইবুল সিকদার।

তিনি জানান, ছাত্রদের আন্দোলনের কারণে গত ১৮ জুলাই থেকে চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী দুটি ট্রেন বন্ধ হয়ে যায়। এর মধ্যে এখন সাগরিকা এক্সপ্রেস চলাচল শুরু হয়েছে। আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি এখনও বন্ধ।

তিনি জানান, সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার সকাল ৮টায় প্রথম যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে। চাঁদপুর থেকে দুপুর ২টায় পুনরায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। যথারীতি একই সময়ে শুক্রবারও সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চলাচল করেছে।

বন্ধ থাকা মেঘনা এক্সপ্রেস ট্রেনটিও একই রুটে চলে। এটি চাঁদপুর থেকে প্রতিদিন ভোর ৫টায় চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বিকাল ৫টায় ছেড়ে রাত সাড়ে ৯টায় চাঁদপুরে পৌঁছায়।

চাঁদপুর স্টেশনের মাস্টার সোয়াইবুল সিকদার বলেন, দেশের দক্ষিণাঞ্চলসহ চাঁদপুর জেলার লোকজনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনেই অধিকাংশ মানুষ চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচল করেন। তবে এটি চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আর সাগরিকা এক্সপ্রেস চললেও যাত্রী সংখ্যা খুবই কম।