২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ঘাড়ের সমস্যা নিয়ে ভর্তি, হার্নিয়া অপারেশনের ঘটনায় তদন্ত কমিটি

পরিচালক বলেন, আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বরিশালে ঘাড়ের সমস্যা নিয়ে ভর্তি, হার্নিয়া অপারেশনের ঘটনায় তদন্ত কমিটি

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 07:20 PM

Updated : 25 Jul 2023, 07:52 PM

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ঘাড়ের সমস্যা নিয়ে ভর্তি হওয়া শিশুর হার্নিয়া অস্ত্রোপচারের ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে।

মঙ্গলবার তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম।

তিনি বলেন, “কমিটির প্রধান করা হয়েছে হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান নাজমুল হককে। এ ছাড়া কমিটির অপর দুই সদস্য হলেন- ডা. নাজমুল হাসান ও ডা. সৌরভ সুতার।

পরিচালক আরও জানান, আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘাড়ের একপাশে মাংস ফুলে যাওয়ার পরিপ্রেক্ষিতে বরিশাল নগরীর নথুল্লাহবাদ লুৎফুর রহমান সড়কের বাসিন্দা দিনমজুর মো. শাহজালালের ছয় বছর বয়সি শিশু মো. রায়হানকে গত ১৬ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়।

পরীক্ষা-নীরিক্ষা শেষে শনিবার শিশুটিকে ঘাড়ের অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়। অস্ত্রোপচারের পর তাকে পোস্ট অপারেটিভ কক্ষে দেওয়া হয়। সেখানে মা-বাবা গিয়ে দেখতে পান তাদের সন্তানের তলপেটে অস্ত্রোপচারের দাগ রয়েছে।

তখন তারা এ ব্যাপারে জানতে চাইলে চিকিৎসক জানান, শিশুটির হার্নিয়ার অপারেশন হয়েছে। 

সোমবার বিষয়টি সংবাদমাধ্যমে আসে। তখন এ নিয়ে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে সোমবার হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটির দুটি সমস্যা। ওটিতে নেওয়ার পর যখন তাকে অজ্ঞান করা হয় তখন হার্নিয়ার সমস্যা প্রকট দেখা দেয়। তখন সার্জন পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে হার্নিয়ার অস্ত্রোপচার করেছে।

“সার্জন হয়তো পরিবারের সঙ্গে ঠিকমতো কাউন্সেলিং করতে পারেননি। তাই ভুল বোঝাবুঝি হয়েছে।”

তবে শিশুটির বাবা শাহজালাল ও মা সুমি বেগম দুজনই বলেছেন, ছেলেকে ওটিতে নেওয়ার পর কোনো চিকিৎসক তাদের সঙ্গে এই ব্যাপারে কোনো কথাই বলেননি। অপারেশন শেষে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আনার পর তারা বিষয়টি জানতে পারেন।

ভেতরে যাবে- ঘাড়ের সমস্যা নিয়ে এল শিশু, হল হার্নিয়ার অপারেশন