২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বতন্ত্রে কাছে হারলেন চার বারের এমপি মনোরঞ্জনশীল গোপাল

দিনাজপুরে ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে নৌকা এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

স্বতন্ত্রে কাছে হারলেন চার বারের এমপি মনোরঞ্জনশীল গোপাল

মনোরঞ্জনশীল গোপাল।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 05:34 AM

Updated : 08 Jan 2024, 05:34 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। তবে স্বতন্ত্র প্রার্থী কাছে হেরে গেছেন চার বারের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল।

রোববার রাতে নিজ সম্মেলন কক্ষ থেকে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাকিল আহমেদ বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

বীরগঞ্জ ও কাহারোল উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা এক লাখ ১৫ হাজার ৫১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম নৌকার প্রার্থী মনোরঞ্জনশীল গোপাল পেয়েছেন এক লাখ ৬ হাজার ৪৯৯ ভোট।

বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-২ আসনে নৌকার প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী এক লাখ ৭৩ হাজার ৯১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম ঈগল প্রতীকের প্রার্থী আনোয়ার চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৩৫৯ ভোট।

সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৩ আসনে নৌকার প্রার্থী ইকবালুর রহিম এক লাখ আট হাজার ২৫৪ ভোট পেয়ে জয় পেয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ কুমার ঘোষ (ট্রাক) পেয়েছেন ৫৪ হাজার ৩৮ ভোট।

চিরিরবন্দর এবং খানসামা উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৪ আসনে ৯৬ হাজার ৪৪৭ ভোট পেয়ে জয় পেয়েছেন নৌকার প্রার্থী আবুল হাসান মাহমুদ আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম তারিক (ট্রাক) পেয়েছেন ৬২ হাজার ৪২৪ ভোট।

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান এক লাখ ৬৭ হাজার ৪২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হযরত আলী বেলাল (ট্রাক) পেয়েছেন ২৬ হাজার ৪৮২ ভোট।

বিরামপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ এবং হাকিমপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনে নৌকার প্রার্থী শিবলী সাদিক এক লাখ ৮২ হাজার ৬৬৭ ভোট পেয়ে জয় পেয়েছেন। নিকটতম ট্রাক প্রতীকের প্রার্থী আজিজুল হক চৌধুরী পেয়েছেন ৮২ হাজার ৫১৫ ভোট।