ফরিদপুর সদর ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে একাংশের বিক্ষোভ
কমিটি ঘোষণার একদিনের মাথায় নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভে নেতাকর্মীরা।
ফরিদপুর সদর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার একদিনের মাথায় বিক্ষোভ দেখিয়েছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে কমিটি বাতিলের দাবিতে জেলা শহরের সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে তা ব্রাহ্ম সমাজ সড়ক, মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা ‘ফরিদপুর জেলা ছাত্রলীগের’ ব্যানার ব্যবহার করেন।
ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সদর উপজেলার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আংশিক নতুন কমিটি দেওয়া হয়।
শাহীন আহমেদকে সভাপতি এবং মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে দেওয়া পাঁচ সদস্যের কমিটির অন্যরা হলেন- সহসভাপতি শাকিল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান এবং সাংগঠনিক সম্পাদক মো. নিয়ামুল হোসেন।
এর আগে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সোমবার দুপুরে জেলা ছাত্রলীগ আলাদা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি রাজেন্দ্র কলেজ শাখা এবং সরকারি ইয়াছিন কলেজ শাখা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত করে।
জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিয় সরকারের সভাপতিত্বে প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের সদর উপজেলার সাবেক সভাপতি আশীকুর রহমান, বিলুপ্ত করা সরকারি ইয়াছিন কলেজ শাখার সভাপতি সুপ্ত খান, বিলুপ্ত করা রাজেন্দ্র কলেজ শাখার বৃত্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মনিরুজ্জামান।
এ সময় বক্তারা অভিযোগ করেন, নিয়ম না মেনে সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে বিবাহিতদের দিয়ে। কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের সন্তানও আছে। এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।
এ ব্যাপারে জানতে চাইলে সদ্যঘোষিত সদর উপজেলা কমিটির সভাপতি শাহীন আহমেদ বলেন, সদর উপজেলা কমিটি আট বছর আগে গঠিত হয়েছিল। সেই হিসেবে কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। সংগঠনের কাজ গতিশীল করার জন্যই জেলা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। এতে দলের গঠনতন্ত্র লঙ্ঘিত হয়নি।
শাহীন আহমেদ আরও বলেন, “আমি যদি বিবাহিত হই, তাহলে বিবাহের নিবন্ধন দেখাক। মনগড়া অভিযোগের কোনো ভিত্তি নেই। আর যেহেতু আমি ও সাধারণ সম্পাদক বিয়ে করিনি; তাই আমাদের বাচ্চা থাকার কথাও নয়।”
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদ বলেন, সদর উপজেলা ছাত্রলীগের কমিটি আট বছর আগে গঠিত হয়েছিল। ফলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের সঙ্গে পরামর্শ করে কমিটি ভেঙে নতুন কমিটি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিবাহিত- এটি প্রমাণ করতে পারলে তাদের অব্যাহতি দেওয়া হবে।”
