২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: নৌকার প্রার্থী জাফর উল্যাহকে তলব

বৃহস্পতিবার ফরিদপুর-৪ আসনের এ প্রার্থীকে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: নৌকার প্রার্থী জাফর উল্যাহকে তলব

কাজী জাফর উল্যাহ

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 06:58 PM

Updated : 13 Dec 2023, 07:04 PM

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনে নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

বুধবার ফরিদপুর-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বৃহস্পতিবার আওয়ামী লীগের এ প্রার্থীকে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জাফর উল্যাহ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

নোটিশে বলা হয়েছে, “অনুমতি ছাড়া সংসদীয় এলাকায় সভা করে প্রতিপক্ষকে হেয় করা হয়েছে, এ ছাড়া নির্বাচনি প্রচার-প্রচারণার আগেই নিজ দলের প্রতীকে ভোট প্রার্থনা করেছেন; যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১(ক) এর পরিপন্থী।”

একইসঙ্গে প্রার্থী সভা সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত অনুমতি গ্রহণ ও স্থানীয় প্রশাসনকে অবহিত না করে সভায় অংশগ্রহণ করে ওই বিধিমালার বিধি ৬(খ) ও ৬(গ) লঙ্ঘন করেছেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, জাফর উল্লাহ সংসদীয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১(ক), ৬(খ) ও ৬(গ) এর বিধান এবং তৎসহ বিধি ১২ এর বিধান লঙ্ঘন করেছেন; যা নির্বাচনের আগে অনিয়ম হিসেবে গণ্য করে।

এ বিষয়ে জাফর উল্লাহর বিরুদ্ধে কেনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানাতে বৃহস্পতিবার বেলা ৩টায় নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে প্রার্থীকে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কাজী জাফর উল্লাহর সহকারী একান্ত সচিব মামুনুর রশিদ বলেন, “নোটিশটি আমরা হাতে পাইনি, পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”