বগুড়ায় সড়ক থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার
দায়িত্বপালন শেষে ভোরে বাড়ি ফেরার সময় অজ্ঞাত কোনো যান তাকে চাপা দেয় বলে ধারণা পুলিশের।
বগুড়া শহরের সড়ক থেকে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোরে শহরের বৃন্দাবনপাড়া এলাকায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অদূরে সড়কের ওপর তার লাশ পড়ে ছিল বলে জানিয়েছেন বগুড়া সদর থানার এসআই মিজানুর রহমান।
নিহত আলাউদ্দিন (৭০) বগুড়া বিসিক শিল্পনগরীর নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি শহরের সুলতানগঞ্জপাড়ায়।
এসআই মিজানুর বলেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সড়কের ওপর একটি মৃতদেহ পড়ে থাকার খবর পাওয়া পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দায়িত্বপালন শেষে ভোরে আলাউদ্দিন ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাত কোনো যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
