রাজশাহী মাদ্রাসা মাঠের পাশে পুকুরে ভেসে উঠল লাশ
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে হাফপ্যান্ট ছিল, তবে শার্ট ছিল না।
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৯টার দিকে অর্ধগলিত লাশটি পুকরের পানিতে ভেসে ওঠে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান।
তিনি বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে হাফপ্যান্ট ছিল, তবে শার্ট ছিল না। লাশটি অবস্থায় অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।
গাজিউর রহমান আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সেজন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
