২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, কাঁদুনে গ্যাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী

বিএনপির পদযাত্রায় পুলিশের নিক্ষেপ করা কাঁদুনে গ্যাসের ধোঁয়ায় রাস্তার পাশে স্কুলের শ্রেণিকক্ষের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

বগুড়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, কাঁদুনে গ্যাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী

বগুড়ায় কাঁদুনে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 08:54 PM

Updated : 18 Jul 2023, 08:54 PM

বগুড়ায় পুলিশ ও বিএনপির সংঘর্ষের সময় কাঁদুনে গ্যাসের ধোঁয়ায় শতাধিক শিক্ষার্থী অসুস্থের খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতদের মধ্যে ৩২ জন বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছে। 

মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে বলে মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শফিক আমিন কাজল জানান। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ইয়াকুবিয়ার মোড় হয়ে বিএনপি পদযাত্রা নিয়ে শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একাধিক কাঁদুনে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে। 

ওই কাঁদুনে গ্যাসের ধোঁয়া পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এতে রাস্তার পাশে ইয়াকুবিয়া স্কুলের শ্রেণিকক্ষের শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। বেশি অসুস্থ হয়ে পড়লে তাদের মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতালের নার্সিং সুপার ফিরোজা বেগম বলেন, বেশি অসুস্থদের হাসপাতালের অব্যবহৃত বার্ন ইউনিটের আইসিইউ রুমে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কারও চোখে জ্বালাপোড়া বেশি। কারও শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। 

আইসিইউ বেডে শুয়ে থাকা নবম শ্রেণির শিক্ষার্থী স্নেহা আক্তার বলেন, “দুপুরে ক্লাশ করছিলাম। হঠাৎ অনেক জোরে জোরে শব্দ হতে থাকে। এরপর ক্লাশের ভিতর ধোঁয়ায় ভরে যায়। তখন চোখ জ্বালা করছিল, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। পরে ম্যাডাম আমাদের হাসপাতালে নিয়ে আসেন।” 

ইয়াকুবিয়া স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক বদরুন্নাহার বলেন, “ধোঁয়ায় ১টার পর থেকে মেয়েরা অসুস্থ হতে থাকে। প্রথমে আমি কয়েকটি মেয়েকে নিয়ে হাসপাতালে চলে আসি। পরে আরও কয়েকজন শিক্ষক ও আয়া অন্য মেয়েদের হাসপাতালে নিয়ে আসে।” 

স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস কবির বলেন, এতে ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে বাসায় ফিরেছে। অনেকের বাবা-মা বেসরকারি ক্লিনিকে নিয়ে গেছেন। 

চিকিৎসক শফিক আমিন বলেন, স্কুলের পাশের রাস্তায় কাঁদুনে গ্যাস নিক্ষেপের কারণে শিক্ষার্থীরা ধোঁয়ায় প্রথমে বমি শুরু করে। পরে বেশি অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অনেকের সাময়িকভাবে শ্বাসকষ্ট হয়েছে। 

খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনাসহ নেতা-কর্মীরা। 

পরে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুসহ অন্যরা অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন। 

কাঁদুনে গ্যাসে স্কুলছাত্রী অসুস্থতার বিষয়ে কথা বলতে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীকে একধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন ধরেননি। 

এদিকে স্কুলছাত্রী অসুস্থতার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বগুড়া জেলা বিএনপি।