০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

কাশিমপুর থানায় শ্রমিকদের ইট-পাটকেল, কাঁদুনে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ

কাশিমপুর থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, অনেক কিছুই ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 02:23 AM

Updated : 04 Nov 2026, 02:23 AM

গাজীপুরের কাশিমপুর থানায় ইট-পাটকেল ছুড়ে ঘেরাওয়ের চেষ্টা করেন মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী শ্রমিকরা।

এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে বলে কাশিমপুর থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন জানান। তিনি বলেন, “অনেক কিছুই ঘটেছে। এই মুহূর্তে বলতে পারছি না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

পুলিশ ও এলাকাবাসী জানায়, কাশিমপুর এলাকায় ডিবিএল কারখানার শ্রমিকরা আন্দোলন করছিলেন। এ সময় কাশিমপুর থানার ওসিসহ পুলিশ সদস্যরা তাদের বোঝাতে ঘটনাস্থলে যান। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের দেখে ‌‘ভুয়া ভুয়া’ স্লোগান এবং ধাওয়া দেন।

পরে পুলিশ সদস্যরা দৌড়ে থানায় ঢুকে পড়লেও শ্রমিকরা থানার আশপাশে চলে আসেন। এ সময় তারা ইট-পাটকেল ছুড়তে থাকেন। পরে পুলিশ কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।