দুই বছর পর বসছে সাতক্ষীরার গুড়পুকুরের মেলা
করোনাভাইরাসের কারণে দুই বছর মেলা বন্ধ ছিল।
করোনাভাইরাসের মহামারীর মধ্যে দুই বছর বন্ধ থাকার পর সাতক্ষীরার ৪০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা আবার শুরু হচ্ছে। আগামী ১৮ সেপ্টেম্বর মনসা পূজার মধ্য দিয়ে শুরু হয়ে প্রাচীন লোকজ সংস্কৃতির মেলা চলবে দুই সপ্তাহ।
সাতক্ষীরার জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে অনুষ্ঠেয় এ মেলা সাতক্ষীরার ৪০০ বছরের ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে এ বছরও জাঁকজমকপূর্ণ পরিবেশে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মেলা অনুষ্ঠিত হবে।
জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি বলেন, ভাদ্র মাসের শেষ দিনের এই পূজা ও মেলা বসে সাতক্ষীরা শহরের পলাশপোলে গুড়পুকুর পাড়ে প্রাচীন বটবৃক্ষের নিচে।
জেলা আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ জানান, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় পাঁচ মিনিটের ব্যবধানে একটি সিনেমা হল ও সার্কাস প্যান্ডেলে বোমা হামলা চালানো হয়। এতে তিনজন নিহত এবং আহত হয় শতাধিক। এরপর থেকে দীর্ঘ আট বছর এ মেলা বন্ধ ছিল। ২০১৯ সাল থেকে করোনাভাইরাস পরিস্থিতির কারণে আবার মেলা দুই বছর বন্ধ ছিল।
প্রতি বছর ৩১ ভাদ্র হিন্দু সম্প্রদায়ের সর্পদেবী মনসা পূজার মধ্য দিয়ে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় প্রাচীন আমলের গুড়পুকুরকে ঘিরে মেলা বসে। একই দিনে সনাতন ধর্মাবলম্বীরা পালন করেন বিশ্বকর্মা পূজা। মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গুড়পুকুর মেলা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় এসএসসি পরীক্ষাকে সামনে রেখে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার স্টল স্থাপন, মেলা প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম কাজ করবে বলে সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) কনক কুমার, সাতক্ষীরা পৌরসভা প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা সদর থানার ওসি এস এম কাইয়ুম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু, বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি, পৌর কাউন্সিলর নমিতা রাণী, রাবেয়া পারভীন, জেলা আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ উপস্থিত ছিলেন।
