২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে স্কুল শিক্ষিকাকে ‘দলবদ্ধ ধর্ষণ’: তিন আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার বেদার তিনিসহ আরও তিনজন ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটিয়েছেন বলে র‍্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 07:03 PM

Updated : 24 Aug 2022, 07:03 PM

কক্সবাজারে রাস্তা থেকে ‘তুলে নিয়ে’ এক স্কুলশিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার।

গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা ইউনুছঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়া (২৮) ও একই ইউনিয়নের উত্তর তারানিয়াপাড়ার দিল মোহাম্মদের ছেলে মোস্তাক মিয়া (২৪) এবং ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার প্রয়াত রশিদ আহমেদ এর ছেলে মো. বেলাল উদ্দিন (২২)।

২৫ বছর বয়সী ওই নারী রামু উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল খাইরুল বলেন, স্কুলশিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণের আলোচিত ঘটনায় মামলা দায়ের করার পর থেকে পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরাও ছায়াতদন্ত শুরু করে। মঙ্গলবার মধ্যরাতে মামলার প্রধান আসামি বেদার মিয়া নিজ এলাকায় অবস্থান করার খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়।

“সন্দেহজনক বাড়িটি ঘেরাও করলে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বেদার আরও তিনজননহ ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটিয়েছেন বলে র‍্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।”

ঘটনায় জড়িত মোস্তাক মিয়া ও মো. বেলাল উদ্দিনকে মঙ্গলবার মধ্যরাতে পিএমখালী ইউনিয়নের তারানিয়াপাড়া থেকে গ্রেপ্তার করা হয় বলে খাইরুল জানান।

গ্রেপ্তারদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

মামলার নথি থেকে জানা যায়, শুক্রবার সকালে আত্মীয় বাড়ি থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন ওই শিক্ষিকা। গাড়িটি ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ এলাকায় পৌঁছালে বেদার ও তার সহযোগীরা গতিরোধ করে ওই নারীকে আরেকটি গাড়িতে তুলে নেন। পরে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে পার্শ্ববর্তী চান্দের পাড়ার নির্মাণাধীন একটি বহুতল ভবনে নিয়ে বেদারসহ চারজন ধর্ষণ করেন।

এ ঘটনায় সোমবার রাতে ওই নারী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

পুরনো খবর:

কক্সবাজারে স্কুল শিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ