২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের আগে কোনো দেশের সঙ্গেই নতুন চুক্তি করবে না বাংলাদেশ: মোমেন

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বাংলাদেশ বিদেশি কোনো শক্তির পরামর্শে চলে না।”

নির্বাচনের আগে কোনো দেশের সঙ্গেই নতুন চুক্তি করবে না বাংলাদেশ: মোমেন

সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 06:08 PM

Updated : 12 Aug 2023, 06:08 PM

নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো দেশের সঙ্গেই বাংলাদেশ নতুন চুক্তি করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ শেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসোমিয়া ও আকসা চুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

চুক্তি না হলে তা সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা তা জানতে চাইলে মন্ত্রী বলেন, “এতে দেশের উপর কোনো প্রভাব পড়বে না। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বিশ্বের বুকে বাংলাদেশের এখন একটি অবস্থান আছে। আমরা ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতি মেনে চলেছি।”

আগামী নির্বাচন দেশের শাসনতন্ত্র মেনে হবে বলেও উল্লেখ করেন তিনি।

ড. একে আব্দুল মোমেন বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠ নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন আমরা তার সবকিছুই করেছি।”

এসময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বাংলাদেশ বিদেশি কোনো শক্তির পরামর্শে চলে না।”

আসন্ন ব্রিকস সম্মেলনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা দাওয়াত দিয়েছে, মনে হয় প্রধানমন্ত্রী যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে।

“ব্রিকসের এই বড় অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৭০টি দেশ অংশগ্রহণ করবে। যেখানে এতগুলো দেশের সঙ্গে সাক্ষাতের সুযোগ হবে। ভারতের প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রী, ব্রাজিলের প্রধানমন্ত্রী যাবেন। অনেক ধরনের আলাপ-আলোচনার জন্য এটা ভালো জায়গা।  ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী সেখানে যাবেন।”