কুড়িগ্রামে পটাশ সারের দাম বেড়ে ‘দ্বিগুণ’, তা-ও মিলছে না
‘অনেক খোঁজাখুঁজির পর পাশের জেলায় গিয়ে পটাশ সার কিনলাম।’
কুড়িগ্রামে পটাশ সারের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে, তা-ও সবার ভাগ্যে জুটছে না।
৫০ কেজির এক বস্তা পটাশের সরকার নির্ধারিত দাম ৭০০ টাকা হলেও অনেকেই বিক্রি করছেন ১৪০০ থেকে ১৬০০ টাকা।
জেলার রাজারহাট উপজেলার মীরেরবাড়ী এলাকার আতাউর রহমান বলেন, “তিন দিন বিভিন্ন হাটেবাজারে ঘুরে পটাশ সার পাই নাই।”
একই এলাকার জসমত আলী জানান, তিনি দ্বিগুণ দামে পটাশ সার কিনতে বাধ্য হয়েছেন।
“অনেক খুঁজে পাশের লালমনিরহাট জেলার বড়বাড়ী বাজার থেকে ১৪০০ টাকায় এক বস্তা পটাশ সার কিনলাম। এত দাম বাড়লে কৃষক বাঁচবে কিভাবে?”
কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলার বিষ্ণুপুর এলাকার হারেজ আলী ১০ বিঘা জমিতে আমন চাষ করেছেন।
তিনি বলেন, “এখন জমিতে অন্যান্য সারের সাথে পটাশ দিতে হচ্ছে। কিন্তু বাজারে তা পাওয়া যাচ্ছে না।”
ভূরুঙ্গামারী উপজেলার সতিপুরী এলাকার রেজাউল করিমেরও একই অভিযোগ।
বিভিন্ন এলাকায় অনুসন্ধানে গিয়ে দ্বিগুণ দাম নেওয়ার তথ্য মিলেছে এবং অনেক দোকানে পটাশ সার পাওয়া যায়নি।
নাগেশ্বীর উপজেলার কেদার ইউনিয়নের পরিবেশক আল মামুন বলেন, “পটাশ সারের দাম অনেক বেশি হওয়ায় আমি ক্রয়-বিক্রিয় বন্ধ করে দিয়েছি। তাছাড়া পটাশ সার পাওয়াও যাচ্ছে না।”
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. শামসুদ্দিন মিঞা পটাশ সারের সরবরাহ কম বলে স্বীকার করেছেন।
শামসুদ্দিন বলেন, “চাহিদার তুলনায় সারের কম বরাদ্দ পাওয়ায় কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। এ সংকট কিছুদিনের মধ্যে কেটে যাবে। আর দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হচ্ছে।”
