২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বরগুনায় যুবলীগের মশাল মিছিল, সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে এসব কর্মসূচি করা হয় বলে জানিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা।

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 03:49 PM

Updated : 20 Sep 2026, 03:59 PM

বরগুনার বিভিন্ন স্থানে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

শনিবার রাতে বরগুনা সদর, আমতলী ও বেতাগীতে এসব কর্মসূচির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, পৌরসভা এলাকায় কোনো মশাল মিছিল হয়নি। গ্রামের কোনো নিরিবিলি সড়কে হয়ে থাকতে পারে। কোথায় হয়েছে, তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

কেন্দ্রীয় যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শামীম খান বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে ঢাকার লকডাউন কর্মসূচির সমর্থনে এসব কর্মসূচি করা হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে বরগুনা পৌর শহরের ফরমান আলী সড়কে সদর উপজেলা যুবলীগ নেতা রাজিব হাওলাদারের নেতৃত্বে মশাল মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। আমতলীতেও ঢাকা-কুয়াকাটা মহাসড়কেও মশাল মিছিলের কথা জানিয়েছেন যুবলীগের কয়েকজন নেতাকর্মী।

বেতাগী পৌর শহরের কালবাট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

শামীম খান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না আসা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।