বিকাশ করতে গিয়ে ২৬ হাজার টাকার ‘জাল’ নোটসহ আটক
মেহেদী হাসানের কাছে এক হাজার টাকার ২৬টি ‘জাল’ নোট দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
কুমিল্লার মুরাদনগরে ২৬ হাজার টাকার ‘জাল নোট’ নিয়ে একটি বিকাশের দোকানে গিয়ে ধরা পড়েছেন এক যুবক।
মঙ্গলবার উপজেলার দারোরা বাজারে এ ঘটনা ঘটে বলে মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান।
আটক মেহেদী হাসান (৩০) কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মনির হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি কামরুজ্জামান তালুকদার জানান, দুপুরে দারোরা বাজারে ‘সালাউদ্দিন বেডিং’ নামের একটি বিকাশ দোকানে কিছু টাকা বিকাশ করতে আসেন মেহেদী হাসান। মেহেদীর টাকা জাল সন্দেহ হলে দোকানদার স্থানীয় লোকদের সহযোগিতায় তাকে আটক করেন। পরে তার কাছে এক হাজার টাকার ২৬টি ‘জাল’ নোট দেখে পুলিশে খবর দেন তারা।
ওসি আরও বলেন, মেহেদীর ‘জাল’ নোটের শেকড় খোঁজার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
